না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্র পরিচালক শাহ আলম মন্ডল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে যান শাহ আলম মণ্ডল। অসুস্থতা বাড়তে থাকলে কয়েকদিন আগে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ হাসপাতাল ঘুরে গত শুক্রবার তাকে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালে।
রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। জানা যায় লিভারের বেশ কিছু জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে লাইফ সাপোর্টে নেওয়া হয় এই পরিচালককে। সেখানেই সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শাহ আলম মণ্ডল। তার প্রথম কাজ ছিল ‘সত্যের জয়’ ছবিতে। পরবর্তীতে তিনি বদিউল আলম ও এফআই মানিকের সহকারী হিসেবেও কাজ করেন।
সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে চলচ্চিত্রে পরিচিত করানোর ক্ষেত্রে শাহ আলম মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পরীমণিকে নিয়ে নির্মাণ করেন এই নায়িকার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। এছাড়া তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লকডাউন লাভ স্টোরি’।